
জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকার একটি সেতুসংলগ্ন স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
সন্ধ্যায় ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, রাজবন্দী নেতাকর্মীদের মুক্তি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানগুলো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না, মানবো না এবং শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।
জানা গেছে, ভিডিওতে মিছিলটির নেতৃত্বে ছিলেন এমইএস সরকারি কলেজ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নেতা রিবন হাসান রাহি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :